আন্তর্জাতিক, এশিয়া
আটকে পড়া ৪০ ইরানি নাবিককে জরুরি চিকিৎসা দিল শ্রীলঙ্কা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা তেলবাহী জাহাজে আটকে পড়া প্রায় ৪০ জন ইরানি নাবিককে জরুরি চিকিৎসা দিয়েছে শ্রীলঙ্কা। মানবিক বিবেচনায় শনিবার (২৪ অক্টোবর) দেশটির জলসীমার বাইরে নোঙর করা জাহাজগুলো থেকে নাবিকদের তীরে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে এ তথ্য জানিয়েছেন শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থুশারা রদ্রিগো। তিনি বলেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় গলে বন্দরের মাধ্যমে নাবিকদের জাহাজ থেকে তীরে আনার ব্যবস্থা করে কর্তৃপক্ষ।
থুশারা রদ্রিগো জানান, মানবিক দায়িত্বের অংশ হিসেবে শ্রীলঙ্কা এককভাবে নাবিকদের স্থানান্তরের সমন্বয় করেছে। এ কার্যক্রমের সব ব্যয় বহন করেছে ইরানি দূতাবাস।
কলম্বোয় অবস্থিত ইরানি দূতাবাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসার জন্য নাবিকদের গল থেকে রাজধানী কলম্বোয় নেওয়া হয়। পরে শনিবার রাতেই তারা শ্রীলঙ্কা ত্যাগ করেন। ফলে দ্বীপরাষ্ট্রটিতে তাদের অবস্থান ছিল মাত্র কয়েক ঘণ্টার।
এর আগে, প্রায় এক মাস আগে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানি জাহাজগুলো শ্রীলঙ্কার জলসীমার কাছে আটকে পড়ার খবর প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। সে সময় শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজগুলোকে সহায়তা দেওয়া হবে না। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ বলেছিলেন, শ্রীলঙ্কা নিজের সার্বভৌমত্ব রক্ষা করে সিদ্ধান্ত নেয় এবং মানবিক প্রয়োজনে পদক্ষেপ নিতে প্রস্তুত।
এর আগে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে ইরানের ফ্রিগেট আইআরআইএস ডেনায় মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় অন্তত ৮৪ জন নিহত হন। ঘটনাটি পুরো অঞ্চলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
ডিবিসি/এসএফএল