বাংলাদেশ, সারা বাংলা
লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে আরও এক শিক্ষক কারাগারে

লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে আরও এক শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। জেলার চন্দ্রগঞ্জে শিক্ষক মাওলানা ইব্রাহিমের বিরুদ্ধে একই ধরনের অভিযোগের পর এবার লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত খাদিমুল কোরআন হিফজ মাদ্রাসার শিক্ষক আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, মাদ্রাসার শিক্ষক আবু বকর ছিদ্দিক এক শিক্ষার্থীকে এক গ্লাস পানি নিয়ে আসতে বলেন। পরে পর্দার আড়ালে ওই শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
মাদ্রাসার প্রধান শিক্ষক শামীম ওসমান বলেন, ঘটনাটি জানার পর বিষয়টি থানায় জানানো হয়। পরে পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে আটক করে। এ ধরনের বিব্রতকর পরিস্থিতির কারণে মাদ্রাসাটি বন্ধ করে দেয়ার কথাও জানিয়েছেন তিনি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আটক শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবিসি/ এসভিএন