ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

বগুড়ায় ৪৫ দিনের শিশুকে সঙ্গে নিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, দম্পতি গ্রেপ্তার

বগুড়ায় ৪৫ দিনের শিশুকে সঙ্গে নিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, দম্পতি গ্রেপ্তার

বাংলাদেশ, সারা বাংলা

বগুড়ায় ৪৫ দিনের শিশুকে সঙ্গে নিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, দম্পতি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

কোলের শিশুটির বয়স মাত্র ৪৫ দিন। সেই শিশুকে সঙ্গে নিয়ে বাসে করে ঢাকা থেকে বগুড়া আসছিলেন এক দম্পতি। স্ত্রীর দুই পায়ের হাঁটুর নিচে অ্যাংলেটের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ৭ হাজার ৮০০ ইয়াবা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রবিবার (২৫ অক্টোবর) বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোছা. সারমিন খানম (২৫) ও তার স্বামী সোহাগ মৃধা (৩১)। তাদের স্থায়ী বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। তারা বর্তমানে ঢাকার মিরপুরের শাহ আলী থানা এলাকায় বসবাস করেন। গ্রেপ্তার সোহাগ মৃধার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।


রবিবার রাত পৌনে ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। জিললুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, ৪৫ দিনের নবজাতককে সঙ্গে নিয়ে এক দম্পতি ইয়াবার একটি চালান ঢাকা থেকে বগুড়ায় নিয়ে আসছেন। ওই নারীর দুই পায়ের হাঁটুর নিচে অ্যাংলেটের সঙ্গে বিশেষ কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়।


অভিযান চলাকালে ঢাকা থেকে বগুড়াগামী আর কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। বাসটির এফ-১ ও এফ-২ আসনে বসা ওই দম্পতির কাছে কোনো টিকিট ছিল না। পরে তাদের তল্লাশি করে সারমিনের দুই পায়ের হাঁটুর নিচে অ্যাংলেটের সঙ্গে কালো স্কচটেপে মোড়ানো ৩৯টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ৭ হাজার ৮০০ ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার ওজন ৭৮০ গ্রাম।


তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে দুটি মুঠোফোন ও ইয়াবা লুকিয়ে রাখার কাজে ব্যবহৃত সাদা রঙের দুটি অ্যাংলেট জব্দ করা হয়।  এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন