ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ফেনীর দাগনভূঞায় মানসিক ভারসাম্যহীন মেয়ের বটির আঘাতে মা নিহত

ফেনীর দাগনভূঞায় মানসিক ভারসাম্যহীন মেয়ের বটির আঘাতে মা নিহত

বাংলাদেশ, সারা বাংলা

ফেনীর দাগনভূঞায় মানসিক ভারসাম্যহীন মেয়ের বটির আঘাতে মা নিহত

ফেনী জেলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ফেনীর দাগনভূঞা উপজেলায় মানসিক ভারসাম্যহীন মেয়ে রানু আক্তারের ধারালো বটির কোপে সেতারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মা নিহত হয়েছেন।

রবিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ডেউলিয়া গ্রামের বড় বাড়ির হোসেন মিয়ার ঘরে মর্মান্তিক ঘটনা ঘটে। চাঞ্চল্যকর ও নির্মম এই ঘটনায় পুরো এলাকায় চরম শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


খবর পেয়ে দীর্ঘ প্রচেষ্টার পর রাত সাড়ে দশটার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ও অভিযুক্ত মেয়ে রানু আক্তারকে (৪২) আটক করে। নিহত সেতারা বেগম ওই গ্রামের হোসেন মিয়ার স্ত্রী ও অভিযুক্ত রানু আক্তার তাদের মেয়ে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কিছুদিন ধরে রানু আক্তার অসংলগ্ন আচরণ করতে শুরু করেন। সম্প্রতি তিনি তার স্বামীকেও মারধর করেন। এ ঘটনার পর পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য কিছুদিন আগে বাবার বাড়িতে নিয়ে আসেন এবং মানসিক চিকিৎসাসহ বিভিন্ন চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। রবিবার রাতে হঠাৎ রানু ঘরের অন্যদের একটি কক্ষে অবরুদ্ধ করে ধারালো বটি দিয়ে তার মা সেতারা বেগমকে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রানু বটি হাতে নিয়ে ঘরের এক কক্ষ থেকে অন্য কক্ষে দৌড়াতে থাকেন ও দরজা ভেতর থেকে আটকে রাখেন।


খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর পুলিশ বসতঘরের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। পাশাপাশি ঘটনাস্থল থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় অভিযুক্ত মেয়ে রানুকে আটক করা হয়।


স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা জানান, মানসিক অসুস্থ মেয়ের হাতে মা খুন হয়েছেন। মেয়ে রানু আক্তার আগে থেকেই মানসিক অসুস্থ ছিলেন। কিছুদিন আগে তিনি স্ট্রোক করেন। মানসিক অসুস্থতার কারণে তার স্বামী তাকে বাবার বাড়িতে রেখে যান। চিকিৎসার জন্য তাকে আগামী কয়েকদিনের মধ্যে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর কথা ছিল। রানু তার স্বামীর বাড়িতে ভালোই ছিলেন। তবে সম্প্রতি তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন।

 

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ ফয়জুল আজীম জানান, খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কোপের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বটিসহ এক নারীকে আটক করা হয়েছে। স্থানীয়রা তাকে মানসিক ভারসাম্যহীন বলে জানালেও বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন