আন্তর্জাতিক
নির্বাসন কাটিয়ে নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে বড় রকমের তোলপাড়ের সৃষ্টি করে দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় পর নির্বাসন শেষে দেশে ফিরেছেন দেশটির বিরোধীদলীয় মূল নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। রবিবার (২৫ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্স-এ নিজের একটি বার্তা দিয়ে ফেরে আসার বিষয়টি নিশ্চিত করে তিনি লেখেন, ‘আমি এখানে। আপনাদের সাথেই আছি।’ এর আগে বেশ কয়েকবার চেষ্টা করেও তিনি দেশে ফিরতে পারেননি।
গত জানুয়ারি মাসে নরওয়েতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য এক অন্ধকার রাতে স্পিডবোটে করে দেশ ছেড়েছিলেন মাচাদো। ঠিক তার পরের মাসেই মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরবর্তীতে ট্রাম্প প্রশাসন মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে মধ্যবর্তী প্রধান হিসেবে সমর্থন দেয় এবং তিনি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। এরপর যুক্তরাষ্ট্রের সাথে অনুকূল শর্তে একটি বড় তেল চুক্তিও সই করেন রদ্রিগেজ।
রবিবার ভেনেজুয়েলার লারা রাজ্যের একটি গির্জায় প্রার্থনায় অংশ নিতে দেখা যায় মাচাদোকে। তখন সমর্থকেরা তাকে জড়িয়ে ধরে এবং হাত চেপে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। এরপর সমর্থকদের এক বিরাট গাড়িবহর নিয়ে রাজধানী কারাকাসের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথজুড়ে অসংখ্য মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। মাচাদোর অন্যতম রাজনৈতিক মিত্র ও সাবেক বিরোধী প্রেসিডেন্ট পদপ্রার্থী এডমুন্ডো গঞ্জালেস এই প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করে এক বিবৃতিতে জানান, ‘আপনাদের জানাতে পেরে আমি অত্যন্ত শিহরিত যে আমাদের নেত্রী, আমার প্রিয় মারিয়া কোরিনা এখন ভেনেজুয়েলার মাটিতে।’ গঞ্জালেস আরও বলেন, ‘আজকের দিনটি ভেনেজুয়েলাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়াকে পরিচালিত ও নেতৃত্ব দিতে আমাদের সর্বভৌম কণ্ঠস্বর তার সাথেই ফিরে এসেছে!’ খুব শিগগিরই তিনিও মাচাদোর সাথে যোগ দিয়ে দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন।
সূত্র: বিবিসি
ডিবিসি/এসভিএন