আন্তর্জাতিক
ব্রাজিলের নির্বাচনে লুলা জয়ী হলেও ফলাফল প্রত্যাখ্যান প্রতিদ্বন্দ্বী বোলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন ফ্লাভিও বোলসোনারো, যিনি এই রাতে নিজের জয় আশা করেছিলেন। সব ফলাফল আসার পর দেখা গেছে, লুলা ডি সিলভার ৫১.৭৯ শতাংশ ভোটের বিপরীতে তিনি ৪৮.২১ শতাংশ ভোট পেয়ে পিছিয়ে পড়েছেন। এই ফলাফলের পরপরই তিনি নির্বাচন বাতিলের দাবি জানান এবং বলেন যে, ভোটের এই ফলাফল ‘স্বীকৃতি দেওয়া অসম্ভব’।
নির্বাচন বাতিলের দাবি তুলে তিনি কারণ হিসেবে দেখান যে, ভোটের মধ্যে ‘খেলার নিয়ম বদলে দেওয়া হয়েছিল’। মূলত সুপ্রিম কোর্টের মাধ্যমে ভোটগ্রহণের সময় দুই ঘণ্টা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তকেই তিনি ইঙ্গিত করেছেন। এটি একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত হলেও লুলা ও বোলসোনারো—দুই পক্ষের প্রচারণাদলের আনুষ্ঠানিক আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট সময় বাড়ানোর এই পদক্ষেপ নিয়েছিল। লুলার দল যুক্তি দিয়েছিল যে, বাস স্বল্পতার কারণে সাও পাওলো ও বাহিয়ার ভোটাররা কেন্দ্রে পৌঁছাতে পারছিলেন না। অন্যদিকে বোলসোনারোর দল দেশের দক্ষিণাঞ্চল এবং সাও পাওলোর কিছু এলাকায় প্রবল বৃষ্টির কারণে সময় বাড়ানোর আবেদন করেছিল।
পরাজয়ের পর নিজের প্রথম প্রকাশ্য উপস্থিতিতে বোলসোনারো জানান, তিনি তার আইনি দলকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বাতিলের আবেদন করার নির্দেশ দেবেন। তার এই দাবি আদালতে তুলে ধরার জন্য আইনজীবীরা এখন তাদের যুক্তি গুছিয়ে নিতে ব্যস্ত। তবে ঐতিহাসিক সত্য হলো, ব্রাজিলের ইতিহাসে এর আগে কখনোই কোনো প্রেসিডেন্ট নির্বাচন বাতিল করার নজির নেই।
সূত্র: বিবিসি
ডিবিসি/ এসভিএন