বাংলাদেশ, সারা বাংলা
গাজীপুরে ছাত্রী অপহরণের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুরের টঙ্গীতে ৮ বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের রেশ কাটতে না কাটতেই এবার জেলার সদর উপজেলায় এক মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ৮ম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। রবিবার (২৫ অক্টোবর) রাতে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন ওই মাদ্রাসা শিক্ষার্থীর বাবা।
মামলায় গাজীপুরের জয়দেবপুর থানার বিকেবাড়ি সিকদার মার্কেট সংলগ্ন দারুল মা’আরিফ হোসাইনিয়া (কওমি) মাদ্রাসা ও মারকাজুল কুরআন আদর্শ মহিলা মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক আরিফুল ইসলামকে (২৯) প্রধান আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- আরিফুল ইসলামের ভাই বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকার মো. ফারুক হোসেনের বাড়ির ভাড়াটিয়া মো. শরীফ মিয়া (৩৫), বাবা মো. সেলিম মিয়া (৫৫), মা রহিমা খাতুন (৪০) এবং পিরুজালী বর্তাপাড়া এলাকার মো. জাফরের বাড়ির ভাড়াটিয়া মো. দেলোয়ার হোসেন (৪৫)। তারা সবাই ময়মনসিংহের সদর থানার চর বওলা গ্রামের বাসিন্দা।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন বিকেবাড়ি গ্রামের সিকদার মার্কেট এলাকার মারকাজুল কুরআন আদর্শ মহিলা মাদ্রাসায় ৮ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল ওই ছাত্রী। ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মো. আরিফুল ইসলাম তাকে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক অপহরণের হুমকি দেওয়া হতে থাকে। বিষয়টি ছাত্রী তার পরিবারকে জানালে, মেয়েকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়ার পাশাপাশি শিক্ষক আরিফুল ইসলামকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই মাদ্রাসা শিক্ষক বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি অব্যাহত রাখেন। এর ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর সকালে মাদ্রাসায় যাওয়ার পর শিক্ষক আরিফুল ইসলাম তার ভাই মো. শরীফ মিয়া, বাবা মো. সেলিম মিয়া, মা রহিমা খাতুন ও মো. দেলোয়ার হোসেনের সহযোগিতায় তাকে অপহরণ করে নিয়ে যান। বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরে তার বাবা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন। পরে ব্যর্থ হয়ে তিনি থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মাদ্রাসা ছাত্রীকে অপহরণের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে। অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারসহ আসামীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
ডিবিসি/ এসভিএন