ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

জননেতা শেরে বাংলা একে ফজলুল হকের জন্মবার্ষিকী আজ

জননেতা শেরে বাংলা একে ফজলুল হকের জন্মবার্ষিকী আজ

রাজনীতি

জননেতা শেরে বাংলা একে ফজলুল হকের জন্মবার্ষিকী আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

আজ প্রখ্যাত রাজনীতিবিদ ও অবিভক্ত বাংলার সাবেক প্রধানমন্ত্রী শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের জন্মবার্ষিকী। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর তৎকালীন বাকেরগঞ্জ জেলার সাটুরিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

প্রখর মেধার অধিকারী ফজলুল হক বরিশাল জিলা স্কুল থেকে এন্ট্রান্স পাস করার পর কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন এবং ১৮৯৬ সালে গণিতে এমএ ডিগ্রি অর্জন করেন। সরকারি চাকরি দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে স্যার আশুতোষ মুখার্জীর পরামর্শে কলকাতা হাইকোর্টে আইন পেশায় যোগ দেন এবং জনসেবায় আত্মনিয়োগ করেন।

 

উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি অন্যতম এক প্রভাবশালী ও দূরদর্শী নেতা হিসেবে পরিচিত। ১৯০৬ সালে সর্বভারতীয় মুসলিম লীগের প্রতিষ্ঠায় তিনি সক্রিয় ভূমিকা রাখেন এবং পরবর্তীতে দলটির সর্বভারতীয় সভাপতির দায়িত্বও পালন করেন। ১৯১৩ সালে বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে শিক্ষা বিস্তারে যুগান্তকারী পদক্ষেপ নেন। ১৯৩৭ সালে তাঁর নেতৃত্বে অবিভক্ত বাংলায় 'হক-লীগ' মন্ত্রিসভা গঠিত হয়, যেখানে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

 

দেশভাগের পরও রাজনীতির শীর্ষস্থানে তাঁর উজ্জ্বল উপস্থিতি ছিল। ১৯৫৪ সালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনের পর তিনি পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হন এবং পরবর্তীতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পূর্ব পাকিস্তানের গভর্নরের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। কলকাতা পুরসভার মেয়র থেকে শুরু করে বাংলার রাজনৈতিক পটপরিবর্তনে অবিস্মরণীয় অবদান রাখা এই মহান জননেতা ১৯৬২ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরণ করেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন