বাংলাদেশ, সারা বাংলা
নাটোরে অনলাইনে প্রতারণার অভিযোগে ২ ভাই গ্রেপ্তার, ৫ মোবাইল ও ২৫ সিম জব্দ

নাটোরে সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপ ব্যবহার করে প্রতারণা করে আসা চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়।
রবিবার (২৬ অক্টোবর) ভোররাতে নাটোরের লালপুর উপজেলার গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লালপুর উপজেলার গন্ডবিল গ্রামের মো. আরাম আলীর দুই ছেলে মো. শিমুল আলী (২৬) ও মো. সজীব আলী (১৯)।
এসআরবি-৫ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র ফেক ফেসবুক অ্যাকাউন্ট, ইমো, হোয়াটসঅ্যাপ এবং ওয়েব স্ক্যানার ব্যবহার করে দেশ-বিদেশের বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ ও প্রতারণা করে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। পরে শিমুল আলীর ঘরে তল্লাশি চালিয়ে প্রতারণায় ব্যবহৃত ৫টি মোবাইল ও ২৫টি সিম জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাটোরের লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ডিবিসি/ এসভিএন