ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

নির্বাচনী ফায়দা লুটতে ইরানে হামলার নির্দেশ নেতানিয়াহুর, বাধা দিলেন খোদ ইসরায়েলি সেনাপ্রধান

নির্বাচনী ফায়দা লুটতে ইরানে হামলার নির্দেশ নেতানিয়াহুর, বাধা দিলেন খোদ ইসরায়েলি সেনাপ্রধান

আন্তর্জাতিক

নির্বাচনী ফায়দা লুটতে ইরানে হামলার নির্দেশ নেতানিয়াহুর, বাধা দিলেন খোদ ইসরায়েলি সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও সামরিক নেতৃত্বের মধ্যে নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি হয়েছে। আগামী রবিবারের নির্বাচনকে সামনে রেখে ইরান সংক্রান্ত একটি সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে দেয়া নির্দেশনা বাস্তবায়নে আপত্তি জানিয়েছেন দেশটির সেনাপ্রধান এয়াল জামির। ইসরায়েলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, নির্বাচন ঘনিয়ে আসার এই সংবেদনশীল মুহূর্তে নেতানিয়াহুর নির্দেশিত এই পদক্ষেপটি ইরানকে একটি বড় ধরনের সামরিক সংঘাত বা ভুল হিসাব-নিকাশের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন সেনাপ্রধানসহ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। উদ্ভূত পরিস্থিতিতে সিদ্ধান্তটি বাস্তবায়নের আগে আইনি বাধ্যবাধকতার অংশ হিসেবে নেতানিয়াহুর কাছ থেকে লিখিত ও স্বাক্ষরিত নথিপত্র চেয়েছেন সেনাপ্রধান। তবে নাম প্রকাশে অনিচ্ছুক রাজনৈতিক সূত্রগুলো চ্যানেল ১২-এর এই প্রতিবেদনকে পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছে।


রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ইরান ইস্যুকে ব্যবহার করা হতে পারে বলে সামরিক নেতৃত্বের উদ্বেগের কথা উঠে এসেছে প্রতিবেদনে। সম্প্রতি তালমাখিম বিমানঘাঁটিতে অনুষ্ঠিত এক বৈঠকে নেতানিয়াহু ও সেনাপ্রধানের মধ্যে তীব্র তিক্ততা ও শীতল সম্পর্ক প্রত্যক্ষ করা গেছে। একটি জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র সেনাপ্রধানের এই শক্ত অবস্থানের প্রশংসা করে জানিয়েছে যে, সাম্প্রতিক সময়ে এয়াল জামির যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাস মনে রাখবে। তবে এর আগে এক ব্যক্তিমুক্ত বৈঠকে সেনাপ্রধান স্পষ্টভাবে বলেছিলেন যে, নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর কোনো অপারেশনাল প্রয়োজনীয়তা তারা দেখছেন না।


এদিকে সমালোচকদের অভিযোগ, নির্বাচনে প্রভাব ফেলতে বা ভোট পেছাতে ইরানের সাথে নতুন করে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন নেতানিয়াহু, যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কৃত্রিম ছবি পোস্ট করে তিনি ইঙ্গিত দেন যে, তিনি পুনরায় নির্বাচিত না হলে ইসরায়েল ভয়াবহ সংকটে পড়তে পারে। হোয়াইট হাউসের কর্মকর্তারা আশঙ্কা করছেন, নেতানিয়াহুর এমন বার্তা ইরানকে ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করতে পারে, যা পরিস্থিতির আরও অবনতি ঘটাবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখনই ইরানে কোনো হামলা চালাবে না।

 

সূত্র: দ্য টাইমস অফ ইসরায়েল


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন