বাংলাদেশ, সারা বাংলা
চট্টগ্রামে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ ওঠার পর তানিয়া কামাল নিহাত (২০) নামে নয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই এলাকার মোনাফ হাজির পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্বামী নুর উদ্দিনকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত তানিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিণখাইন গ্রামের মোহাম্মদ কামালের মেয়ে। তার স্বামী নুর উদ্দিন হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজির পাড়ার কাঞ্চন মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়া ও নুর উদ্দিনের মধ্যে চার থেকে পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। বিয়ের পর প্রথম দিকে সংসার স্বাভাবিক থাকলেও কিছুদিন পর বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে যৌতুকের দাবিতে তানিয়াকে নির্যাতন করা হতো বলে অভিযোগ করেছে তার পরিবার।
তানিয়ার বাবা মোহাম্মদ কামাল অভিযোগ করে বলেন, গত ঈদে শ্বশুরবাড়ির লোকজন তার মেয়ের জন্য নতুন কাপড়চোপড় ও উপহার দাবি করেছিলেন। রমজান মাসে সাধ্যমতো উপহার দিলেও সম্প্রতি আবারও কাপড়চোপড় ও যৌতুক দাবি করা হয়। কিন্তু তার পক্ষে সেই দাবি পূরণ করা সম্ভব হয়নি।
মোহাম্মদ কামালের অভিযোগ, এসব বিষয়কে কেন্দ্র করে তানিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশ-বৈঠকও হয়েছে। তবে তাতেও সমস্যার সমাধান হয়নি।
পটিয়া উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, তানিয়া ও নুর উদ্দিনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের প্রতি সম্মান জানিয়ে ২ পরিবারের সম্মতিতে তাদের বিয়ে দেয়া হয়েছিল। কিন্তু বিয়ের পর যৌতুকের কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, তা কেউ কল্পনাও করেননি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গৃহবধূর স্বামী নুর উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ডিবিসি/ এসভিএন