জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সফররত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। জাপানের স্থানীয় সময় আজ ২৬ অক্টোবর বেলা ৩টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে মৈত্রী লীগের নেতৃত্বের প্রশংসার পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে তারো আসোর ধারাবাহিক ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা এবং ২০০৬ সালের স্মৃতিচারণ তুলে ধরে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
দ্বিপক্ষীয় এই বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও মজবুত করার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়। এ সময় তারো আসো বলেন, বাংলাদেশে বিশাল তরুণ জনগোষ্ঠী রয়েছে এবং দেশটিতে বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করায় বিনিয়োগের চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশটির কোম্পানিগুলো বাংলাদেশে নতুন করে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তাঁর সরকার আইনি পরিবর্তনসহ বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের ধারাবাহিকতায় বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে তিনি তারো আসোর ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করেন।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতসহ উচ্চপর্যায়ের মন্ত্রী ও উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে, জাপানের পক্ষে দেশটির সাবেক মন্ত্রী ও এলডিপি চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা এবং ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রী তাতসুনোরি ইবায়াশিসহ জ্যেষ্ঠ সংসদ সদস্যরা অংশ নেন।
ডিবিসি/এফএইচআর