আন্তর্জাতিক, আমেরিকা
নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে প্রস্তুত মার্কিন বাহিনী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের বাহিনী। মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় সামরিক শক্তি মোতায়েন করা হয়েছে। দুই মার্কিন কর্মকর্তার বরাতে সোমবার (২৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই অভিযান আগের সীমিত হামলার তুলনায় অনেক বিস্তৃত হতে পারে। মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুত করা লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে ইরানের জ্বালানি অবকাঠামো, সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনা।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, চলতি বছরের মধ্যেই হামলার নির্দেশ আসতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
এদিকে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন হামলা চালালে ইরান ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দ্রুত পাল্টা আঘাত হানতে পারে। মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চলে মার্কিন কর্মী ও স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
নিরাপত্তাঝুঁকি বিবেচনায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দূতাবাস থেকে কর্মী সরানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে ইতোমধ্যে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার রোববার হরমুজ প্রণালি পরিদর্শন করেছেন। সেখানে ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ অব্যাহত রয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বাড়লেও সম্ভাব্য হামলার আশঙ্কায় তেলের দাম এখনো বেশি। মার্কিন কর্মকর্তাদের মতে, কূটনৈতিক সমাধান না হলে বিদ্যমান পরিস্থিতি দীর্ঘদিন ধরে রাখা কঠিন হবে।
সূত্র: সিএনএন
ডিবিসি/এসএফএল