আন্তর্জাতিক, অন্যান্য
মৃত্যুর পর নিজের দেহ দিয়ে জৈব সার তৈরির ইচ্ছা হলিউড অভিনেত্রী নোভাকের

মৃত্যুর পরও প্রকৃতির মাঝে বেঁচে থাকতে চান হলিউডের কিংবদন্তি অভিনেত্রী কিম নোভাক। আলফ্রেড হিচককের বিখ্যাত চলচ্চিত্র ‘ভার্টিগো’র এই তারকা সিদ্ধান্ত নিয়েছেন, মৃত্যুর পর তার দেহ জৈব সারে রূপান্তর করা হবে। সেই সার দিয়ে গাছ লাগাবেন তার বন্ধু ও স্বজনেরা।
৯৩ বছর বয়সী নোভাক যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের একটি খামারবাড়িতে বসবাস করেন। সম্প্রতি ফক্স নিউজ ডিজিটালকে তিনি জানিয়েছেন, কয়েক বছর আগেই নিজের মৃত্যুর পরবর্তী ব্যবস্থা চূড়ান্ত করেছেন।
নোভাক বলেন, ‘আমার ইচ্ছা, মৃত্যুর পর গাছের মাধ্যমে বেঁচে থাকা। আমি বেড়ে উঠতে চাই। এটি আমাকে মানসিক শান্তি দিয়েছে।’
অভিনেত্রী জানান, প্রচলিত পদ্ধতিতে কবর দেওয়া কিংবা দাহ করার কোনোটিই তার পছন্দ নয়। তাই তিনি বেছে নিয়েছেন ‘ন্যাচারাল অর্গানিক রিডাকশন’ নামে পরিচিত প্রক্রিয়া। এতে মানুষের মৃতদেহ জৈব সারে পরিণত করা হয়।
অরেগনে এই পদ্ধতি বৈধ হলেও নোভাক তার দেহ ওয়াশিংটন অঙ্গরাজ্যের ‘আর্থ ফিউনারেল’ প্রতিষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করেছেন। তৈরি হওয়া জৈব সার বন্ধু ও পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। প্রত্যেককে অন্তত একটি গাছ বা গুল্ম লাগাতে বলেছেন।
প্রকৃতিপ্রেমী এই অভিনেত্রী চান, তার জৈব সার তৈরির প্রক্রিয়ায় ‘ফরগেট-মি-নট’ ফুলও ব্যবহার করা হোক।
১৯৫৮ থেকে ১৯৬০ সাল পর্যন্ত বিশ্বের শীর্ষ বক্স অফিস তারকা ছিলেন নোভাক। ১৯৬৬ সালে হলিউড থেকে সরে গিয়ে চিত্রকলায় মনোযোগ দেন তিনি।
নোভাকের ভাষায়, মৃত্যুর পর পৃথিবীর সঙ্গে মিশে যাওয়ার ভাবনাটি সুন্দর। তাঁর বিশ্বাস, প্রকৃতির অংশ হয়ে জীবনের ধারাবাহিকতায় যুক্ত থাকা সম্ভব।
ডিবিসি/এসএফএল