আন্তর্জাতিক, ভারত
ভারতের ঘটনা
হত্যা মামলা থেকে বাঁচতে এআই দিয়ে নিজের মৃত্যু সাজালেন আসামি!

খুনের মামলার বিচার এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিজের মৃত্যুর নাটক সাজিয়েছিলেন ভারতের উত্তর প্রদেশের এক ব্যক্তি। চিতায় নিজের মরদেহের পরিবর্তে পুড়িয়েছিলেন একটি মৃত ছাগল। ভুয়া ছবি ও নথিপত্র দিয়ে মৃত্যুসনদও সংগ্রহ করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন ওই ব্যক্তি।
গ্রেপ্তার ব্যক্তির নাম রাজকুমার রাজভর (৩৮)। রবিবার (২৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উত্তর প্রদেশের মাউ জেলার খাজওয়াজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
২০১৬ সালের ১৯ ডিসেম্বর মুনশিপুরা রেললাইনের কাছে গুলিতে নিহত হন যোগেশ সিং। এ ঘটনায় নিহতের ভাতিজা অবিনাশ সিংয়ের অভিযোগের ভিত্তিতে রাজকুমার ও তার বন্ধু সুদর্শন রাজভরের বিরুদ্ধে হত্যা মামলা হয়। ওই মামলায় জামিনে ছিলেন রাজকুমার।
পুলিশ জানায়, বিচার চলাকালে ২০২৫ সালের ৩০ মে গাজীপুরে নিজের মৃত্যুর নাটক সাজান রাজকুমার। এআই দিয়ে তৈরি করেন চিতায় শায়িত মরদেহের ছবি। পাশাপাশি চিতায় একটি মৃত ছাগল পুড়িয়ে শেষকৃত্যের দৃশ্য সাজানো হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার ভুয়া ছবি ও নথির ভিত্তিতে মাউ পৌরসভা থেকে মৃত্যুসনদ সংগ্রহ করে আদালতে জমা দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার অনুপ কুমার জানান, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা রাজকুমার শেয়ারবাজারে লেনদেন করতেন। বিনিয়োগের কথা বলে বিভিন্ন শহরের প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে অর্থ নিয়েছিলেন তিনি।
পুলিশের অভিযোগ, হত্যা মামলার বিচার এড়ানোর পাশাপাশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত না দিতেও নিজের মৃত্যুর পরিকল্পনা করেন রাজকুমার। প্রায় দেড় বছর আত্মগোপনে থাকার পর তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জালিয়াতির নতুন মামলা হয়েছে। একই সঙ্গে হত্যা মামলার বিচারও আবার চলবে।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসএফএল