ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

আন্তর্জাতিক

ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার বিরোধী গাদি আইজেনকটের মধ্যে মঙ্গলবার (২৭ অক্টোবর) এক গুরুত্বপূর্ণ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিনের শাসক নেতানিয়াহুর জন্য ক্ষমতা ধরে রাখা এবং আইজেনকটের নেতৃত্বে পরিবর্তন আনার সম্ভাবনার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে কোনো পক্ষই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারবে না বলে শেষ মুহূর্তের জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এটি ১৯৮৮ সালের পর প্রথমবারের মতো নির্ধারিত সময়ে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন। তাছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা এবং পরবর্তীতে গাজা, লেবানন ও ইরানের সাথে সামরিক সংঘাতের পর এটাই প্রথম নির্বাচন। প্রায় ৭৩ লাখ যোগ্য ভোটারের অংশগ্রহণে ১২০ আসনের নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) জয়ী হতে ৩৭টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, যেখানে সরকার গঠনের জন্য কমপক্ষে ৬১ জনের সমর্থন প্রয়োজন।

 

জরিপ অনুযায়ী, আইজেনকটের মধ্যপন্থি দল ইয়াশার নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টির চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছে। নেতানিয়াহুর জোট প্রায় ৫০টি আসন পেতে পারে, অন্যদিকে বিরোধী জোট পেতে পারে ৫২ থেকে ৫৬টি আসন। তাই সরকার গঠনের সমীকরণে ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বকারী দলগুলোর (যাদের ১৪ থেকে ১৬টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে) সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

 

নেতানিয়াহু জাতীয় নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেও ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতা এবং তার বিরুদ্ধে দুর্নীতির বিচার ও আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাকে কেন্দ্র করে সমালোচিত হচ্ছেন। অন্যদিকে আইজেনকট সরকারের জবাবদিহি নিশ্চিত করা ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার কথা বলে প্রচার চালালেও, নেতানিয়াহুর মতো তিনিও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন।

 

নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদি নেতানিয়াহু অথবা আইজেনকটের কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে, তবে দীর্ঘ জোট গঠনের আলোচনা চলতে পারে, এবং ফিলিস্তিনি দলগুলোর সমর্থনই হতে পারে নির্ণায়ক ফ্যাক্টর। কোনো সমাধান না এলে দেশটি আবারও নতুন নির্বাচনের দিকে এগোতে পারে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন