ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা আলোচনায় ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব

মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা আলোচনায় ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব

আন্তর্জাতিক, আরব

মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা আলোচনায় ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাসহ পারস্পরিক সহযোগিতা জোরদারে সংলাপ অব্যাহত রাখতে সম্মত হয়েছে ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব। সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত চার দেশের উচ্চপর্যায়ের বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়।

বৈঠকে অংশ নিতে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তেহরান সফর করে। সেখানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে চারপক্ষীয় আলোচনায় অংশ নেন প্রতিনিধিরা। যৌথ বিবৃতিতে তেহরানের এই আয়োজনকে চার আঞ্চলিক দেশের প্রথম বৈঠক হিসেবে উল্লেখ করা হয়েছে।


বৈঠকের আয়োজক ছিলেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি। ইরানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও বৈঠকে উপস্থিত ছিলেন।


সৌদি আরবের প্রতিনিধিত্ব করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। পাকিস্তানের পক্ষে অংশ নেন দেশটির সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তুরস্কের প্রতিনিধিত্ব করেন দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন।


বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, চার দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে অংশগ্রহণকারীরা একমত হয়েছেন। এ সহযোগিতার আওতায় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার বিষয়ও রয়েছে।


বিবৃতিতে পরবর্তী বৈঠকের সময় বা স্থান জানানো হয়নি। সংলাপ কী কাঠামোয় এগিয়ে নেওয়া হবে কিংবা সহযোগিতার জন্য সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত উল্লেখ নেই। প্রকাশিত বক্তব্যে মূলত চার দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং এ লক্ষ্যে সংলাপ অব্যাহত রাখার সম্মতির কথা তুলে ধরা হয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন