আন্তর্জাতিক
ফ্রান্সে আন্দোলন অব্যাহত, ৩১শে অক্টোবরের বিক্ষোভ ঝুঁকিপূর্ণ: ম্যাক্রোঁ

ফ্রান্সের চলমান আন্দোলন ঘিরে দেশজুড়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। সম্প্রতি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বেশ কিছু পদক্ষেপের কথা জানালেও সরকারের প্রস্তাবিত পদক্ষেপগুলোকে যথেষ্ট মনে করছেন না আন্দোলনকারীরা।
উদ্ভূত পরিস্থিতির মধ্যে আগামী ৩১শে অক্টোবর নতুন করে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে আন্দোলনকারী বিভিন্ন সংগঠন। অন্যদিকে আগামী ৫ই নভেম্বর সারা দেশে একযোগে ধর্মঘট ও বিক্ষোভের ডাক দিয়েছে প্রধান শ্রমিক সংগঠনগুলো।
এদিকে গতকাল ২৬শে অক্টোবর বিকেলে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের সঙ্গে আন্দোলনকারীদের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলেও আগামী ৩১শে অক্টোবরের নির্ধারিত বিক্ষোভকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
সম্ভাব্য যেকোনো ধরনের সহিংসতা ও লুটপাট প্রতিরোধে বিক্ষোভের রুটটি শহরের মূল কেন্দ্রস্থলের বাইরে রাখার কথাও জানিয়েছেন তিনি। অন্যদিকে আন্দোলনকারী সংগঠনগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বেতন বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় কমানো এবং জনসেবামূলক খাতগুলোর মানোন্নয়নে সরকারকে সরাসরি কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব মূল দাবি নিয়ে গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকসহ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সঙ্গে আলোচনা চললেও এখন পর্যন্ত স্পষ্ট কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন আন্দোলন সংশ্লিষ্ট শীর্ষ নেতারা।
ডিবিসি/এসভিএন