সারা বাংলা
ব্রাহ্মণবাড়িয়ার নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার: চাচাতো ভাই আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের দুই দিন পর আজিম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামের বড় পুকুর নামক স্থানের একটি ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
নিহত আজিম লক্ষ্মীমোড়া গ্রামের আলী আজগর মিয়ার ছেলে এবং আটক রফিকুল একই গ্রামের মৃত হাসেম মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে এলাকা থেকে নিখোঁজ হন আজিম। নিখোঁজ হওয়ার দিন ভোরে আটক রফিকুল ইসলামের সঙ্গেই মুঠোফোনে তাঁর সর্বশেষ যোগাযোগ হয়েছিল। এরপর থেকেই আজিমের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সোমবার রাতে স্থানীয়রা রফিকুল ইসলামের বাড়ির সামনে দিয়ে যাতায়াতের সময় তীব্র দুর্গন্ধ পান। পরে সন্দেহ হলে বাড়ির পাশের বড় পুকুরে খোঁজাখুঁজি করে ঝোপের মধ্যে আজিমের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/এমএনকে