ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

ইসরায়েলের নির্বাচনে

নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী কট্টর ফিলিস্তিনবিরোধী সাবেক সেনাপ্রধান আইজেনকট

নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী কট্টর ফিলিস্তিনবিরোধী সাবেক সেনাপ্রধান আইজেনকট
ইসরায়েলের নির্বাচনে

নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী কট্টর ফিলিস্তিনবিরোধী সাবেক সেনাপ্রধান আইজেনকট

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। ইয়াশার দলের এই নেতার সামরিক অভিজ্ঞতা, পারিবারিক পটভূমি ও ব্যক্তিগত শোক তার রাজনৈতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

৬৬ বছর বয়সী আইজেনকট মরক্কো থেকে আসা অভিবাসী দম্পতির সন্তান। নয় ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। বেড়ে উঠেছেন তিবেরিয়াস ও এইলাতে, দেশের রাজনৈতিক ক্ষমতাকেন্দ্রের বাইরে। বিশ্লেষকদের মতে, তার মিজরাহি পরিচয় ভোটারদের আকর্ষণের একটি কারণ। দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীর বহু ভোটার নেতানিয়াহুর লিকুদ দলকে সমর্থন দিয়ে আসছেন। নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হলে আইজেনকট হবেন ইসরায়েলের প্রথম মিজরাহি সরকারপ্রধান।


সম্প্রতি নেতানিয়াহুঘনিষ্ঠ টেলিভিশন উপস্থাপক ইনন মাগাল তাকে নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য করলে বিতর্ক ছড়িয়ে পড়ে। নেতানিয়াহুও ওই মন্তব্যের নিন্দা জানান। ঘটনাটি আইজেনকটের পারিবারিক পরিচয়কে নতুন করে আলোচনায় আনে।


১৯৭৮ সালে গোলানি ব্রিগেডে যোগ দেওয়া আইজেনকট প্রায় চার দশকের সামরিক জীবনে সর্বোচ্চ পদে পৌঁছান। নেতানিয়াহুর অধীনেই ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সেনাপ্রধান ছিলেন তিনি। ২০১৬ সালে আহত এক ফিলিস্তিনি হামলাকারীকে গুলি করে হত্যার ঘটনায় রাজনৈতিক চাপ উপেক্ষা করে অভিযুক্ত ইসরায়েলি সেনার তদন্ত ও বিচার সমর্থন করেন।


২০২২ সালে বেনি গ্যান্টজের সঙ্গে রাজনীতিতে আসেন আইজেনকট। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর নেতানিয়াহুর জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভায় যোগ দেন। তবে যুদ্ধপরবর্তী সুস্পষ্ট কৌশলের অভাবের অভিযোগ তুলে ২০২৪ সালের জুনে সরে দাঁড়ান।


গাজায় যুদ্ধে ২০২৩ সালের ডিসেম্বরে তার ছোট ছেলে, ২৫ বছর বয়সী গাল নিহত হন। যুদ্ধে প্রাণ হারান তার দুই ভাতিজাও। ছেলের আত্মত্যাগ বৃথা যেতে না দেওয়ার অঙ্গীকারকে নিজের রাজনৈতিক লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন আইজেনকট।


সূত্র: সিএনএন


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন