আন্তর্জাতিক, ভারত
মোদি ও আদানিকে নিয়ে বিতর্কিত প্রামাণ্যচিত্র সরিয়ে ফেলার নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিলিয়নিয়ার গৌতম আদানির মধ্যকার সম্পর্ক নিয়ে তৈরি একটি তথ্যচিত্র প্রচার, আপলোড ও শেয়ার করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের একটি আদালত। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) তথ্য অনুযায়ী, পূর্ব ভারতের কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
তথ্যচিত্রটি তৈরি করেছেন প্রযুক্তি উদ্যোক্তা সাবির ভাটিয়া। এর প্রচার বন্ধ করতে এবং মানহানির ক্ষতিপূরণ চেয়ে সাবির ভাটিয়া ও অন্যান্যদের বিরুদ্ধে আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড আদালতে একটি পিটিশন দায়ের করেছিল। সেই পিটিশনের প্রেক্ষিতেই আদালত এই নির্দেশ দেয়।
রায়ে বিচারপতি আর্যক দত্ত বলেন, ‘বিতর্কিত ভিডিওটি কোনো সংবাদ প্রতিবেদন বা কোনো কার্যক্রমের বিবরণ নয়।’
তিনি আরও বলেন, ‘এটি একটি নাটকীয় আখ্যান, যার শিরোনামে স্পষ্টভাবে চুরির অভিযোগ আনা হয়েছে এবং এর ধারাভাষ্য ও দৃশ্যগুলোকে বাস্তব তথ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।’
ভিডিওটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে আদালত জানায়, ‘বিবাদীরা অবিলম্বে তাদের মালিকানাধীন বা নিয়ন্ত্রিত প্রতিটি অ্যাকাউন্ট, চ্যানেল এবং পেজ থেকে বিতর্কিত ভিডিও এবং এই ধরনের মানহানিকর বক্তব্য সম্বলিত যেকোনো ক্লিপ, অংশ বা প্রতিলিপি সরিয়ে ফেলবেন বা সরিয়ে ফেলার ব্যবস্থা করবেন।’
রায়ে আরও উল্লেখ করা হয়, আবেদনকারীর আইনজীবী আদালতকে জানিয়েছেন যে, ‘ভিডিওটিতে আবেদনকারীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, তবে এই বক্তব্যগুলো মিথ্যা।’
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এসভিএন