সারা বাংলা
আগামী শনিবার সকাল ১১টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, মওলানা ভাসানী একজন আইকনিক ব্যক্তিত্ব। তাঁর জীবন থেকে অনেক কিছু শেখার রয়েছে। এ কারণেই বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছে মওলানা ভাসানীর নামে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁর আদর্শ থেকে অনেক কিছু শিখতে পারেন।
তিনি আরও বলেন, মওলানা ভাসানীর আদর্শকে ধারণ করে বিএনপি ও প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। আগামীর বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
যথাসময়ে বই উৎসব অনুষ্ঠিত হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ সালে দায়িত্ব গ্রহণের পর ২০০২ সালের জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতা ২০০৬ সাল পর্যন্ত বজায় রাখা হয়েছিল। এবারও যথাসময়ে বই বিতরণ করা হবে। ২০২৭ সাল শুরুর আগেই ২০২৬ সালের মধ্যে বই বিতরণ সম্পন্ন করা হবে। তিনি বলেন, বইয়ের মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না। কোমলমতি শিক্ষার্থীদের হাতে সুন্দর ও মানসম্মত বই পৌঁছে দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চারটি নতুন বই প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে চতুর্থ শ্রেণির জন্য সংস্কৃতি ও খেলাধুলা, ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ (আনন্দময় শিক্ষা) এবং কারিগরি শিক্ষা বিষয়ক বই রয়েছে। পাশাপাশি জেলা শহরের শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দিতে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির জন্য ঐচ্ছিক বই দেওয়া হবে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনিসুর রহমানসহ অন্যরা।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত ক্যারিয়ার ও চাকরি মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ ছাড়া সকালে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
তারিখ ও বার সামঞ্জস্য করুনঅপ্রয়োজনীয় রাজনৈতিক বক্তব্য সংক্ষিপ্ত করুন
ডিবিসি/আরএসএল