বাংলাদেশ, সারা বাংলা
খুলনায় এক দিনেই পৃথক ঘটনায় সাবেক ছাত্রদল-যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ৩

খুলনায় পৃথক তিনটি ঘটনায় দুর্বৃত্তদের গুলিতে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন বিএনপির অঙ্গসংগঠনের সাবেক নেতা এবং একজন বেসরকারি কোম্পানির কর্মচারী। ২৭ অক্টোবর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত নগরী ও জেলার বটিয়াঘাটা উপজেলায় এসব ঘটনা ঘটে। আহত তিনজনই চিকিৎসাধীন রয়েছেন।
সন্ধ্যা পৌনে ৬টার দিকে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারে গুলিবিদ্ধ হন অহিদুল ইসলাম বাদল। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। বাদল জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী।
এর আগে বেলা ১১টা ১০ মিনিটে নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে সালমান নামের ২৩ বছর বয়সী এক সেলসম্যানকে গুলি করে তার ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। দুটি মোটরসাইকেলে আসা চারজন এই হামলা চালায়। গুলিতে তার পেটের ডান পাশে আঘাত লাগে। তিনি ক্যামেল সিগারেট কোম্পানিতে কর্মরত।
অপর ঘটনায় রাত সাড়ে ১২টার দিকে বটিয়াঘাটার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল শেখ। দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে। এতে তার ডান হাত ও পেটে আঘাত লাগে।
সোহেলকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তিনটি ঘটনায় জড়িত দুর্বৃত্তদের ধরতে তারা কাজ করছে।
ডিবিসি/এসএফএল