বাংলাদেশ, সারা বাংলা
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের ঘটনায় সাবেক কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কক্ষে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল হোসেন নিরবকে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুর রহমান শাহেদকে (১৯) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর শহরের উত্তর স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রহমান শাহেদ লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ফিরোজ আলমের ছেলে এবং দালাল বাজার ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রদল সভাপতি পদে দায়িত্বে ছিলেন।
এর আগে গত রবিবার রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কক্ষে ঢুকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি জুয়েল হোসেন নিরবকে মারধরের ঘটনা ঘটে। এসংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শাহেদকে দালাল বাজার ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রদল সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় শাহেদকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী।
লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/এসভিএন