ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

গোপালগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযানে ৩ ফার্মেসিকে ৫৮ হাজার জরিমানা

গোপালগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযানে ৩ ফার্মেসিকে ৫৮ হাজার জরিমানা

বাংলাদেশ, সারা বাংলা

গোপালগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযানে ৩ ফার্মেসিকে ৫৮ হাজার জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

গোপালগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুত এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে ৩টি ফার্মেসিকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিকির বাজার এবং সদর উপজেলার বিনাপানি মোড় এলাকায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহযোগিতা করে।


অভিযান সূত্রে জানা যায়, কোটালীপাড়া উপজেলার শিকির বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মো. হাদিউজ্জামান ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং বাংলাদেশ মেডিকেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিনাপানি মোড় এলাকায় সততা ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এতে ৩টি ফার্মেসিকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারা লঙ্ঘনের বিষয় উঠে আসে। সংশ্লিষ্ট ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া গেছে বলে অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


কোটালীপাড়া উপজেলার শিকির বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফউল আরেফিন। গোপালগঞ্জ সদর উপজেলার বিনাপানি মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন নাজমুল হক স্বপন, এনডিসি। অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের গোপালগঞ্জের ড্রাগ সুপার মো. ফজলুল হক এবং পুলিশ প্রশাসনের সদস্যরা সহযোগিতা করেন।


অভিযান-সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থ রক্ষা, ওষুধের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা এবং ওষুধ বিক্রিতে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন