ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রস্তাবে তরুণী রাজী না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রস্তাবে তরুণী রাজী না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রস্তাবে তরুণী রাজী না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কিশোরীর পরিবারের পাঁচটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক যুবক ও তার স্বজনদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিনগর এলাকার হুমায়ুন মিয়া ওরফে লক্ষিন্দরের ছেলে রাকিব দীর্ঘদিন ধরে প্রতিবেশী দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে রাকিব ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দেন। তবে কিশোরীর পরিবার এতে রাজি না হওয়ায় দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

 

পরিবারের অভিযোগ, রাকিবের উত্ত্যক্ত করার কারণে কিশোরীটির পড়াশোনা বন্ধ করে দিতে হয়। এমনকি তাকে পরীক্ষায়ও অংশ নিতে দেওয়া হয়নি।

 

মঙ্গলবার সন্ধ্যায় কিশোরীর সঙ্গে দেখা করতে না পেরে ক্ষুব্ধ হয়ে রাকিব তার বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে পরিবারের সদস্যদের গালিগালাজ করতে থাকেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা এবং পরে সংঘর্ষ শুরু হয়। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন।

 

ভুক্তভোগী পরিবারের দাবি, সংঘর্ষের একপর্যায়ে রাকিবের স্বজনেরা সংঘবদ্ধভাবে তাদের পাঁচটি বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িঘরে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি নতুন মোটরসাইকেল লুট করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তারা।

 

সংঘর্ষের খবর পেয়ে বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

সিঙ্গারবিল বাজার কমিটির সাধারণ সম্পাদক মানিক মিয়া বলেন, মেয়েসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থলে যান।

 

সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন। কয়েকটি বাড়িতে ভাঙচুরের চিহ্নও দেখতে পেয়েছি।’

 

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র সরকার বলেন, ‘মেয়েসংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।’

 

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন