ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নারায়ণগঞ্জে বিএনপি নেতা পরিচয়ে পেপার মিলে চাঁদা দাবি, কারখানার গেটে লাথি

নারায়ণগঞ্জে বিএনপি নেতা পরিচয়ে পেপার মিলে চাঁদা দাবি, কারখানার গেটে লাথি

সারা বাংলা

নারায়ণগঞ্জে বিএনপি নেতা পরিচয়ে পেপার মিলে চাঁদা দাবি, কারখানার গেটে লাথি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

নারায়ণগঞ্জের বন্দরে বিএনপি নেতা পরিচয়ে একটি পেপার মিলের মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে হাবিবুর রহমান ওরফে জিপু খানের (৩৫) বিরুদ্ধে। চাঁদা না পেয়ে কারখানার গেটে লাথি মারা, হুমকি দেওয়া এবং কাঁচামালবাহী ট্রাকচালকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায় অবস্থিত ফারাজ পেপার মিলে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে হুমকির মুখে কারখানায় কাঁচামালবাহী ট্রাক প্রবেশ করতে পারছে না বলে অভিযোগ কর্তৃপক্ষের। এতে কারখানার উৎপাদন কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।

 

এ ঘটনায় বন্দর থানায় প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) এবং পরে লিখিত অভিযোগ দায়ের করেছেন কারখানার পরিচালক মো. সাইফুল্লাহ।

 

ভুক্তভোগী সাইফুল্লাহ জানান, জিপু খান তাকে ফোন করে জানান, তিনি পণ্য নিয়ে এসেছেন এবং কারখানার গেটে দেখা করতে চান। পরে গেটে গেলে জিপু খান তাকে হুমকি দিয়ে জানতে চান, কার অনুমতি নিয়ে তিনি সেখানে কারখানা পরিচালনা করছেন। ব্যবসা চালিয়ে যেতে হলে তাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে বলেও দাবি করেন।

 

সাইফুল্লাহ বলেন, বিপজ্জনক পরিস্থিতি বুঝতে পেরে আমি কারখানার ভেতরে চলে যাই। এরপর তিনি গেটে দাঁড়িয়ে গালিগালাজ করতে থাকেন এবং গেটে লাথি মারেন। এমনকি কারখানায় কাঁচামাল নিয়ে আসা ট্রাকচালকদের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। ঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় অভিযোগ দিলেও পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি।

 

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হাবিবুর রহমান ওরফে জিপু খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে প্রতিবারই তিনি ফোনকল কেটে দেন।

 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনা হবে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন