জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির

গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং জাতীয় উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রতি জোরালো সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরের দ্বিতীয় দিনে টোকিওতে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে এ সমর্থন ব্যক্ত করা হয়। বৈঠক শেষে নিজের অফিসিয়াল ‘এক্স’ অ্যাকাউন্টে জাপানের প্রধানমন্ত্রী জানান, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের জাতি গঠনমূলক উদ্যোগগুলোকে জাপান দৃঢ়ভাবে সমর্থন করবে।
বৈঠকে দুই নেতা বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সহযোগিতার মূল ভিত্তি ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ (বিগ-বি) উদ্যোগকে ‘শেয়ারিং প্রসপারিটি বিগ-বি’ শীর্ষক একটি নতুন কৌশলগত সহযোগিতা কাঠামোয় উন্নীত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তাকাইচি উল্লেখ করেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযুক্তকারী কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং ১৭ কোটি মানুষের বিশাল বাজার হিসেবে বাংলাদেশ জাপানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অংশীদার।
আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার পরপরই জাপানের স্বীকৃতি এবং দীর্ঘদিনের অর্থনৈতিক অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। শীর্ষ সম্মেলন শেষে প্রকাশিত ‘নেতৃবৃন্দের যৌথ বিবৃতি’র আলোকে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে কৌশলগত অংশীদারিত্ব জোরদার এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি বজায় রাখতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় নেতা।