জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক

জাপানের স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত বিনিয়োগের নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে মূলত বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং বৃহৎ অবকাঠামো খাতে জাপানি বিনিয়োগ ও অর্থনৈতিক সহায়তা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও কাঠামোগত রূপান্তরে জেবিআইসি-এর ধারাবাহিক বিনিয়োগ ও সহযোগিতার জন্য গভর্নরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, তাঁর সরকার দেশে একটি আন্তর্জাতিক মানের ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে ইতোমধ্যেই বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক বিধিবিধান সংস্কার এবং সহজীকরণের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগবান্ধব নীতি প্রণয়নের মাধ্যমে শিল্পায়নকে ত্বরান্বিত করাই বর্তমান প্রশাসনের অন্যতম প্রধান অঙ্গীকার বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
দ্বিপাক্ষিক কার্যক্রমে আরও গতিশীলতা আনতে প্রধানমন্ত্রী বাংলাদেশে জেবিআইসি-এর একটি পূর্ণাঙ্গ কার্যালয় স্থাপনের আনুষ্ঠানিক প্রস্তাব জানান। তিনি উল্লেখ করেন, জেবিআইসি-এর অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। জেবিআইসি গভর্নর আমাকাওয়া কাজুহিকো বাংলাদেশের প্রস্তাবটিকে অত্যন্ত ইতিবাচক ও গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
উচ্চপর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
ডিবিসি/এফএইচআর