ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়

জাপানে জেটরোর প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

জাপানে জেটরোর প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

বাংলাদেশ, জাতীয়

জাপানে জেটরোর প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর (Kataoka Susumu) এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

 

বৈঠক শেষে জেটরোর প্রেসিডেন্টের আমন্ত্রণে এক মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার বিষয়েও আলোচনা হয়।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণে জেটরোর ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উন্নত উৎপাদনশিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হচ্ছে।

 

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। এ ছাড়া, বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (EPA) দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বৈঠকে উভয় পক্ষ একমত পোষণ করে।

 

জনশক্তি রপ্তানি ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা কামনা করেন। এসব উদ্যোগ জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি দুই দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্বকে সুদৃঢ় করতে সহায়ক হবে বলে উল্লেখ করা হয়।

 

বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমু বাংলাদেশের চমৎকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিকে বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বলে আখ্যায়িত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে জাপানি কোম্পানিগুলোর মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

 

বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন