সারা বাংলা
নাটোরে ছাত্রদল নেতার জানাজার পর প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাটের অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতার জানাজা শেষে আমেরিকা প্রবাসী এক ব্যবসায়ীর শপিংমলে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে অবস্থিত রাশ মেগা মলে এ হামলা চালানো হয়।
এতে প্রায় ৫ কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাসেল হোসাইন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। ঢাকার পিজি হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে গুরুদাসপুরের জোহা কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দাবি, জানাজা শেষে শতাধিক লোক চাঁচকৈড় বাজারে অবস্থিত রাশ মেগা মলে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।
ছাত্রদল নেতা শাকিল নিহতের ঘটনায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। স্থানীয় কয়েকজনের ধারণা, সংসদ সদস্যের ছেলে মিন্টুর সঙ্গে শপিংমল মালিকের ঘনিষ্ঠতার কারণেই এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে থাকতে পারে।
শপিংমলটির স্বত্বাধিকারী আমেরিকা প্রবাসী রাসেল হোসাইন অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই একটি মহল এটি বন্ধ করে দেওয়ার পাঁয়তারা করছিল। শাকিলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওই মহলটিই লুটপাটের সুযোগ নিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
হামলার পর শপিংমল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বিক বিষয়ে বক্তব্য জানতে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
ডিবিসি/এমএনকে