আন্তর্জাতিক
ভেনিজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের

টেক্সাসের কর্পাস ক্রিস্টিতে এক নির্বাচনী সমাবেশে ভেনিজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে যুক্ত করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত এই সমাবেশে তিনি ভেনিজুয়েলা থেকে আসা '১০ লাখ ব্যারেল তেল'বাহী একটি ট্যাংকার প্রদর্শন করেন। নয় মাস আগে নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে হওয়া এই তেল চুক্তিকে ট্রাম্প ‘ইতিহাসের সর্বশ্রেষ্ঠ তেল বিজয়’ বলে আখ্যা দিয়েছেন।
গত ফেব্রুয়ারিতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর দেশটিতে জ্বালানির দাম ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ট্রাম্প দাবি করেছেন, নতুন এই চুক্তির ফলে মার্কিন করদাতাদের কোনো অর্থ ব্যয় ছাড়াই বিলিয়ন বিলিয়ন ব্যারেল তেল পাওয়া যাবে, যা শিগগিরই দেশের জ্বালানি তেলের দাম কমিয়ে আনবে। আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের আগে বৈদেশিক নীতি ও রেকর্ড পরিমাণ জনপ্রিয়তা হ্রাসের মুখে থাকা ট্রাম্প তার এই পদক্ষেপকে একটি বড় সাফল্য হিসেবে ভোটারদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন।
তবে ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে সমালোচনাও হচ্ছে। সমালোচকদের অভিযোগ, মার্কিন বাহিনীর হাতে মাদুরো আটক হওয়ার পর ভেনিজুয়েলায় কোনো নির্বাচন হয়নি এবং ট্রাম্প প্রশাসন দেশটিতে গণতন্ত্র ফেরাতে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। গ্রিনল্যান্ড, কানাডা ও মেক্সিকোর পর ভেনিজুয়েলাকে মার্কিন সীমানায় যুক্ত করার ট্রাম্পের এই নতুন মন্তব্য দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: গার্ডিয়ান
ডিবিসি/পিআরএএন