ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

টেকনাফে তল্লাশিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

টেকনাফে তল্লাশিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

সারা বাংলা

টেকনাফে তল্লাশিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

টেকনাফ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

কক্সবাজারের টেকনাফে পুলিশের একটি অস্থায়ী চেকপোস্টে তল্লাশিকালে বিদেশি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের ব্যবহৃত একটি নোহা গাড়ি জব্দ করে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব লেদা এলাকায় এ অভিযান চালানো হয়।
 

পুলিশ জানায়, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় টেকনাফগামী একটি নোহা গাড়িকে থামার সংকেত দেওয়া হলে চালক ও সামনের আসনে থাকা এক ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। পরে গাড়ির পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টাকালে চারজনকে আটক করে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকার বেলাল উদ্দিন (৪৮), হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়ার মাহাবুবুর রহমান মাহবুব (৩১), খারাংখালী-পশ্চিম মহেশখালীয়া পাড়ার মো. রিশাদ (২৪) এবং হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আব্দুল্লাহ (২৫)।
 

পুলিশ আরও জানায়, আটকের পর তাঁদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া এই চার আসামির বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাসহ অপহরণের একাধিক মামলা রয়েছে।
 

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

ডিবিসি/ এমকেএ

আরও পড়ুন