সারা বাংলা
লালমনিরহাটে বিকেলে মাঠে খেলা দেখতে যেতে বাধা দেয়ায় স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রামে খেলা দেখতে যাওয়ার সময় বাধা দেওয়ার জেরে স্ত্রী শিরিন আক্তার শীলাকে (২৫) শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী তুষার হোসেন শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করার পর বুধবার (২৮ অক্টোবর) সকালে পুলিশ পাহারায় লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) বিকেলে খেলা দেখার কথা বলে শাহীন বাইরে যেতে চাইলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহীন স্ত্রী শিরিনের গলা চেপে ধরেন। এতে শিরিন নিস্তেজ হয়ে পড়লে শাহীন বাড়ি থেকে পালিয়ে যান।
খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রধানবাড়ী এলাকার বাড়ি থেকে শিরিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে নিহতের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে আরও জানা যায়, প্রায় সাত বছর আগে শ্রীরামপুর ইউনিয়নের প্রধানবাড়ী এলাকার সহিদার রহমানের ছেলে শাহীনের সঙ্গে হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শিরিনের বিয়ে হয়। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মাদকাসক্ত শাহীন তাঁর স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। এই দম্পতির ছয় বছর বয়সী একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, স্ত্রীকে হত্যার ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ঘটনার প্রধান অভিযুক্ত গৃহবধূর স্বামী তুষার হোসেন শাহীনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ডিবিসি/এমএনকে