সারা বাংলা
লক্ষ্মীপুরে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ বাহিনীর প্রধান নিহত

লক্ষ্মীপুর সদর উপজেলায় মাটির ব্যবসাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি স্থানীয় খোরশেদ বাহিনীর প্রধান হিসেবে পরিচিত ছিলেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত খোরশেদ ওই গ্রামের রুহুল আমিনের ছেলে।
নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের অভিযোগ, খোরশেদ মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বুধবার দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুজন ব্যক্তি তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পরই গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন, মাটির ব্যবসার বিরোধের জেরে ওয়ালিদ নামে এক ব্যক্তি খোরশেদকে গুলি করেছেন। পরিবারের দাবি, ওয়ালিদ এর আগেও খোরশেদকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন এবং পূর্বপরিকল্পিতভাবেই তাঁকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
এদিকে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত খোরশেদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হাসান রনি জানান, খোরশেদকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল। তাঁর বুকে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ বলেন, ‘খোরশেদ বাহিনীর প্রধান হিসেবে পরিচিত ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ডিবিসি/এমএনকে