সারা বাংলা
সিলেটে ফুডকার্টে ভোক্তা অধিকারের অভিযান: দুই দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা

সিলেটের আম্বরখানায় আরকেডিয়া ফুড জোনে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও নানা অনিয়মের অভিযোগে দুটি ফুডকার্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ‘ঢাকাইয়া’ নামের দোকানকে ২০ হাজার এবং ‘এমব্রোসিয়া’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, ফুড জোনটির অধিকাংশ দোকানের অবস্থা সন্তোষজনক হলেও এই দুটি প্রতিষ্ঠানে বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। এর মধ্যে অনুমোদনহীন সস ও মসলা ব্যবহার এবং অভিযানের সময় সেগুলো লুকিয়ে রাখার চেষ্টা করা হয়। এছাড়া ফ্রিজে মাছ-মাংসের সঙ্গে সেদ্ধ ছোলা এবং জুস তৈরির উদ্দেশ্যে নিম্নমানের ফল কেটে রাখার প্রমাণ পান কর্মকর্তারা।
অভিযানসংশ্লিষ্টরা জানান, ভোক্তারা তুলনামূলক বেশি দাম দিয়ে ভালো মানের খাবার খেতে ফুডকার্টে আসেন। তাই খাবারের মান ও নিরাপদ সংরক্ষণের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা সাংবাদিকদের জানান, ব্যবসায়ীরা জেনেশুনেই অনুমোদনহীন খাদ্যপণ্য ব্যবহার করছেন। এছাড়া কোনো ভোক্তা খাবার কিনে প্রতারিত হলে অধিদপ্তরে অনলাইনে অভিযোগ জানানোর পরামর্শ দেন তিনি।
ডিবিসি/এমকেএ