খেলাধুলা, ফুটবল
আলভারেজকে দলে ভেড়াতে গিয়ে ৮৩ হাজার টাকা জরিমানার মুখে বার্সেলোনা

আটলেটিকো মাদ্রিদকে না জানিয়ে তাদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের সঙ্গে যোগাযোগ করায় বার্সেলোনাকে ৬০২ ইউরো জরিমানা করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। তবে একটি সূত্র জানিয়েছে, বার্সেলোনা এই জরিমানার বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে।
রবের্ত লেভানডফস্কি ও ফেরান তোরেসের বিকল্প হিসেবে গ্রীষ্মকালীন দলবদলে আলভারেজকে দলে টানতে বেশ কয়েকবার চেষ্টা করেছিল বার্সেলোনা। কিন্তু নিয়ম না মেনে তাদের এই যোগাযোগে তীব্র ক্ষুব্ধ হয় আটলেটিকো। বার্সার বিরুদ্ধে অবৈধভাবে খেলোয়াড় ভাগিয়ে নেয়ার অভিযোগ তুলে তারা আরএফইএফ ও ফিফার কাছে নালিশ করে। ফিফা জানায় এই বিষয়টি তাদের এক্তিয়ারভুক্ত নয়। তবে তদন্ত শেষে এই সপ্তাহে বার্সাকে ছোট অঙ্কের এই জরিমানা করেছে আরএফইএফ।
তদন্তে দেখা যায়, গত ১৫ মে আলভারেজের তৎকালীন এজেন্ট ফের্নান্দো ইদালগোর সঙ্গে বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর কথা হয়েছিল। অথচ আটলেটিকোকে বার্সা লিখিতভাবে প্রথম জানায় এর অনেক পরে, ২৮ মে। তবে এটিকে গুরুতর অপরাধ না ধরে আরএফইএফের নিয়মবিধির ১৩৩ নম্বর অনুচ্ছেদের আওতায় ‘ছোটখাটো নিয়মভঙ্গ’ হিসেবে ধরা হয়েছে।
আলভারেজকে পেতে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল বার্সা। দলবদলের জানালা বন্ধ হওয়ার আগপর্যন্ত সেই প্রস্তাব টেবিলেও ছিল। কিন্তু আটলেটিকোর প্রধান নির্বাহী মিগুয়েল আনহেল হিল মারিন বারবারই স্পষ্ট করে জানিয়ে দেন, লা লিগার কোনো প্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে তারা খেলোয়াড় বিক্রি করবেন না। সেসময় রিয়াল মাদ্রিদের ১৫০ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিল আটলেটিকো। এছাড়া আর্সেনাল ও পিএসজিও এই ফরোয়ার্ডকে পেতে আগ্রহী ছিল।
আলভারেজ নিজেও ক্লাব ছাড়তে চেয়েছিলেন। বিশ্বকাপের সময় তিনি জানিয়েছিলেন, দলবদল হলে তা সব পক্ষের জন্যই ভালো হবে। ইএসপিএনের সূত্রমতে, তার ইচ্ছা ছিল বার্সায় যোগ দেয়ার। দলবদলের এমন আগ্রহের কারণে মৌসুমের শুরুতে আটলেটিকো সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছিল তাকে। তবে সম্প্রতি সেই দূরত্বের বরফ গলতে শুরু করেছে। স্টুটগার্ট এবং দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচেই গোল পেয়েছেন ২৬ বছর বয়সী এই তারকা। শনিবার দেপোর্তিভোর বিপক্ষে ১-০ গোলের জয়ে জয়সূচক গোলটি করার পর সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
আলভারেজ বলেন, ‘বিশ্বকাপের সময় আমার করা মন্তব্যের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইতে চাই। আমি যেভাবে কথাগুলো বলেছিলাম এবং যে সময়ে বলেছিলাম, তা পুরোপুরি ভুল ছিল। সমর্থকরা কেন রেগে আছেন, সেটা আমি বুঝি। আমি তাদের জায়গায় থাকলে আমারও রাগ হতো। বিশেষ করে আমি আসার পর থেকে তারা আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন, তাতে এটা স্বাভাবিক।’
চলতি মৌসুমে লা লিগায় দারুণ ছন্দে আছে আটলেটিকো। প্রথম ১০ ম্যাচের ৮টিতে জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে তারা। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা মাত্র ২ পয়েন্ট পিছিয়ে। আগামী ৮ নভেম্বর মেত্রোপলিতানো স্টেডিয়ামে এই দুই দল মুখোমুখি হবে। বার্সার বিরুদ্ধে আটলেটিকোর অভিযোগ দায়েরের পর এটাই হতে যাচ্ছে তাদের প্রথম দেখা।
সূত্র: ইএসপিএন
ডিবিসি/ এসভিএন