খেলাধুলা, ফুটবল
বিশ্বকাপে একদিনে ২ জয়, কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপে এক দিনেই দুটি জয় পেয়েছে বাংলাদেশ। আজারবাইজানে অনুষ্ঠিত টুর্নামেন্টে আজ বুধবার সকালে সিশেলসকে টাইব্রেকারে হারানোর পর বিকেলে একই পদ্ধতিতে সিঙ্গাপুরকেও পরাজিত করেছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। দুই ম্যাচেই নির্ধারিত সময়ে সমতা থাকলেও টাইব্রেকারে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে দলটি।
সিশেলসের বিপক্ষে ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে গোল হজম করে সমতায় ফিরতে হয় দলকে। নির্ধারিত সময়ের পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। গোলরক্ষক শ্রীনাথ হালদার প্রতিপক্ষের দুটি শট ঠেকিয়ে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
সিশেলসকে হারানোর পর বাংলাদেশের প্রতিপক্ষ হয় সিঙ্গাপুর। এই ম্যাচেও নির্ধারিত সময়ে দুই দলের স্কোর ছিল ১-১। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোরেরা। ফলে একই দিনে দুটি ম্যাচ জিতে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে দলটি।
ফিফা প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৫ পর্যায়ে এই বৈশ্বিক ফুটবল আয়োজন করেছে। এতে ১৮৯টি দেশের দল ৩২টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। বাংলাদেশের অবস্থান ছিল ‘সি’ গ্রুপে। ৬ দলের এই গ্রুপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ।
গ্রুপ পর্বে নিজেদের অবস্থানের ভিত্তিতে এখন সমান অবস্থানে থাকা অন্য গ্রুপের দলগুলোর বিপক্ষে খেলছে বাংলাদেশ। এই ধাপে ৩২টি গ্রুপে পঞ্চম হওয়া দলগুলো নিয়ে হচ্ছে নকআউট পর্বের খেলা। সিশেলস ও সিঙ্গাপুরকে হারিয়ে বাংলাদেশ এখন কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। এই পর্যায় থেকে লড়াই করে শেষ পর্যন্ত ৬টি চ্যাম্পিয়ন দল বেছে নেবে ফিফা।
ডিবিসি/ এইচএপি