আন্তর্জাতিক
নেপালে পর্বতজয়ের এক দিন পরই ৫০০০ ফুট নিচে পড়ে পর্বতারোহীর মৃত্যু

নেপালের আমা দাবলাম পর্বত শৃঙ্গ জয় করার এক দিন পর প্রায় পাঁচ হাজার ফুট নিচে পড়ে এক জার্মান অভিযাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) এক ট্র্যাকিং কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মৃত ওই অভিযাত্রীর নাম ভলফগ্যাং ওয়াশ্চিচেক (৫৭)। ৬ হাজার ৮১২ মিটার উঁচু আমা দাবলাম পর্বত সফলভাবে জয় করার পর তিনি ৬ হাজার ২০০ মিটার উঁচুতে অবস্থিত ক্যাম্প ৩-এ বিশ্রাম নিচ্ছিলেন। সেখান থেকেই নিখোঁজ হন তিনি।
আসল হিমালয় নামক ট্র্যাকিং কোম্পানির প্রধান গোকুল থাপা বলেন, ‘সফলভাবে চূড়ায় পৌঁছানোর পর তিনি রোববার রাতে ক্যাম্প ৩-এ কাটিয়েছিলেন। সোমবার সকালে তার গাইড তাকে নিখোঁজ দেখতে পান।’
গোকুল থাপা জানান, ওই অভিযাত্রীর ব্যক্তিগত ট্র্যাকিং গাইড সোনম লামা ধার করা সরঞ্জাম ফেরত দিতে তাকে তাঁবুতে থাকতে বলে অল্প সময়ের জন্য বাইরে গিয়েছিলেন। ফিরে এসে তিনি আর ওয়াশ্চিচেককে দেখতে পাননি। পরে সোমবার সকাল আটটার দিকে প্রায় ৪ হাজার ৬০০ মিটার উঁচুতে ক্যাম্প ২-এর কাছে অন্য এক শেরপা তার মরদেহ দেখতে পান।
দুপুরের দিকে একটি হেলিকপ্টারে করে মরদেহটি উদ্ধার করে এভারেস্ট অঞ্চলের ট্রেকারদের প্রবেশদ্বার হিসেবে পরিচিত লুকলা শহরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে রাজধানী কাঠমান্ডুতে আনা হয়। ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে ময়নাতদন্ত শেষে দূতাবাসের মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গোকুল থাপা জানান, এটি ছিল নেপালে ওই জার্মান নাগরিকের দ্বিতীয় সফর। এর আগে তিনি ২০2৪ সালে ট্রেকিংয়ের জন্য নেপালে এসেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে সবাই গভীরভাবে শোকাহত।
নেপালের খুম্বু অঞ্চলে অবস্থিত আমা দাবলাম পর্বতটি খাড়া ঢাল ও কারিগরি জটিলতার জন্য বেশ পরিচিত। চলতি বছর এই পাহাড়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। এর আগে গত বছর অক্টোবরেও এই অভিযানে ফরাসি ও দক্ষিণ কোরিয়ার দুই অভিযাত্রীর মৃত্যু হয়েছিল। চলতি মৌসুমে তিনশ জনের বেশি অভিযাত্রী আমা দাবলাম জয় করার চেষ্টা করছেন। এর বাইরে এ বছর নেপালের অন্যান্য পাহাড়েও বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে।
সূত্র: সিবিএস নিউজ
ডিবিসি/এসভিএন