সারা বাংলা
নিজের সব সম্পদের বিনিময়ে ধর্ষণ মামলা থেকে অব্যাহতি চান মাদরাসাশিক্ষক আমান

নেত্রকোণার মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও পরবর্তীতে অন্তঃসত্ত্বা হওয়ার আলোচিত মামলায় নিজের সব সম্পদের বিনিময়ে অব্যাহতি চেয়েছেন প্রধান আসামি মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর। মামলার যুক্তিতর্ক শেষে আগামী ১১ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।
বুধবার নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালামের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।
শুনানির একপর্যায়ে বিচারকের প্রশ্নের জবাবে আসামি সাগর জানান, তার মাত্র ১২ শতাংশ জমি রয়েছে। এ সময় নিজের সব সম্পদের বিনিময়ে মামলা থেকে অব্যাহতি পাওয়ার আকুতি জানান তিনি। আসামিপক্ষের আইনজীবী আপসের বিষয়ে কথা বলতে চাইলে তা নাকচ করেন বিচারক।
রাষ্ট্রপক্ষের পিপি নূরুল কবীর রুবেল জানান, ভুক্তভোগী শিশুটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছিল। সিআইডির ডিএনএ প্রতিবেদনে নবজাতকের সঙ্গে আসামি সাগরের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া গেছে।
রাষ্ট্রপক্ষের দাবি, ডিএনএ প্রতিবেদনসহ বিভিন্ন নথিতে অভিযোগ প্রমাণিত হয়েছে। আসামির সর্বোচ্চ সাজা হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
আগামী ১১ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করবেন আদালত।
ডিবিসি/এসডব্লিউএন