ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কুমিল্লায় চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের ৩ সদস্য আটক

কুমিল্লায় চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের ৩ সদস্য আটক

সারা বাংলা

কুমিল্লায় চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের ৩ সদস্য আটক

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

কুমিল্লার মুরাদনগরে চোরাই সিএনজি অটোরিকশাসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মুরাদনগর থানায় মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর ২০২৬ বিকেল সাড়ে ৪টার দিকে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইকারী গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে মুরাদনগর থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে উপজেলার ১৪ নম্বর নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর থোল্লা গ্যাস পাম্পের সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

 

এ সময় পুলিশের চেকপোস্ট দেখে একটি সিএনজি অটোরিকশা পালানোর চেষ্টা করলে পুলিশ সেটি আটক করে। এ সময় সিএনজিতে থাকা জুম্মান হোসেন ওরফে জুম্মান ড্রাইভার (৩৩) এবং মো. জসিম (৩০) নামে দুজনকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা একজন পালিয়ে যায়।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা সিএনজি অটোরিকশাটির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদে তারা গাড়িটি চোরাই বলে স্বীকার করেন। পরে সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

 

আটক দুজনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় একই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন কুটি চৌমুহনী এলাকা থেকে মামুন মিয়া (৪৫) নামে আরেকজনকে আটক করা হয়। এ অভিযানে কসবা থানা পুলিশ সহযোগিতা করে।

 

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা আন্তজেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে সিএনজি অটোরিকশা চুরি করে এক জেলা থেকে অন্য জেলায় কেনাবেচা করতেন বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

 

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই সুমন তালুকদার, এসআই মো. আরকানুল ইসলাম, এএসআই কাজী সুলতান আহম্মদসহ পুলিশের একটি দল অংশ নেয়।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন