আন্তর্জাতিক, ভারত
মধ্যপ্রাচ্যের সংঘাতে ১৪ নাবিকসহ ২২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ১৪ জন নাবিকসহ ২২ জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন বলে বুধবার নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)।
নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেন এবং হতাহতের বিস্তারিত তুলে ধরেন।
জয়সওয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দুঃখজনকভাবে, সংঘাতপূর্ণ অঞ্চলে ১৪ জন নাবিকসহ ২২ জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন।’
উপসাগরীয় অঞ্চলে ভারতীয় সম্প্রদায় ও সামুদ্রিক কর্মীদের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে জয়সওয়াল জানান, ভারতীয় কূটনৈতিক মিশনগুলো সেখানকার নাগরিকদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে।
তিনি বলেন, ‘আমরা সেখানে আমাদের মিশন এবং সম্প্রদায়ভুক্ত সদস্যদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে চলেছি।’
ডিবিসি/এসডব্লিউএন