ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

মমতার যা বয়স হয়েছে, তাতে তাঁর এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন: শুভেন্দু

মমতার যা বয়স হয়েছে, তাতে তাঁর এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন: শুভেন্দু

আন্তর্জাতিক, ভারত

মমতার যা বয়স হয়েছে, তাতে তাঁর এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন: শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর আসনে আবার প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দিতেই নন্দীগ্রাম আসন ছেড়েছেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় দুই নবনির্বাচিত বিধায়কের শপথ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একই সঙ্গে মমতার বয়স নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেন, তাঁর এখন বিশ্রাম নেওয়া উচিত।

অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তোলা নথি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ নিয়েও কথা বলেন শুভেন্দু। এ ঘটনায় এফআইআর করা হলে রাজ্যের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের দায়িত্ব দেওয়ার আশ্বাস দেন তিনি।

 

এ দিন বিধায়ক হিসেবে শপথ নেন নন্দীগ্রামের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হাসিরানি রথ ও রেজিনগরের শাখারভ সরকার। অনুষ্ঠানে উপস্থিত ঋতব্রত তাঁদের অভিনন্দন জানান।

 

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর-দুই আসনেই জয় পান শুভেন্দু। ভবানীপুরে তিনি পরাজিত করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতাকে। পরে ভবানীপুর আসন রেখে নন্দীগ্রাম ছেড়ে দেন।

 

সেই সিদ্ধান্তের ব্যাখ্যায় মমতার নাম উল্লেখ না করে শুভেন্দু বলেন, ‘ভবানীপুর ছাড়লে যিনি আমার কাছে দু’বার হেরেছেন, তিনি দাঁড়ানোর সুযোগ পেয়ে যেতেন। সেই সুযোগটা না দেওয়াই ভাল।’ বয়সের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘এই বয়সে তাঁর না দাঁড়ানোই ভাল। অনেক বয়স হয়ে গিয়েছে। প্রায় ৭৫। এই বয়সে বিশ্রাম নেওয়ার কথা।’

 

এদিকে সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঋতব্রত অভিযোগ করেন, তাঁদের পক্ষের হলফনামা সড়কপথে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাঠানোর সময় সংশ্লিষ্ট ট্রাকে হামলা হয়। তাঁর দাবি, ভোর সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা নথি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঘটনার পেছনে মমতাপন্থী কালীঘাট শিবিরের হাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘আপনারা নিজেরা লড়ালড়ি করুন। কিন্তু আইনশৃঙ্খলা যাতে অবনতি না-হয় সেটা দেখতে হবে।’ ঋতব্রতের অভিযোগের উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, এফআইআর হলে তদন্তভার সিআইডিকে দেওয়া হবে। অধিবেশন শেষে ঋতব্রত জানান, গণতান্ত্রিক তৃণমূলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে অভিযোগ করা হবে।

 

অনুষ্ঠানে নিজের সাবেক ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের তদন্ত নিয়েও কথা বলেন শুভেন্দু। নির্বাচনের ফল ঘোষণার পর চন্দ্রনাথ খুন হন। পরে নন্দীগ্রামের উপনির্বাচনে তাঁর মা হাসিরানিকে প্রার্থী করে বিজেপি। তাঁকে জয়ী করায় এলাকার ভোটারদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

 

শুভেন্দুর দাবি, চন্দ্রনাথকে হত্যার জন্য দুই কোটি রুপি দেওয়া হয়েছিল। তিনি জানান, ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এ মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে। তাঁর ভাষ্য, হামলাকারী ও ভাড়াটে খুনিরা ধরা পড়লেও অর্থের জোগানদাতার পরিচয় সামনে আসা বাকি। অর্থের উৎস নিয়ে তিনি কালীঘাট, ক্যামাক স্ট্রিট ও ডায়মন্ড হারবারের নাম উল্লেখ করে রাজনৈতিক ইঙ্গিত দেন।

 

রেজিনগরে বিজেপির জয়ের প্রসঙ্গে শুভেন্দু দাবি করেন, সেখানকার সংখ্যালঘু ভোটাররা দলটিকে সমর্থন করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের গত ছয় মাসের কাজের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ছ’মাসে যা দেখছেন, সেটা সকালের চা-বিস্কুট। ব্রেকফাস্ট এখনও বাকি। তার পরে তো লাঞ্চ।’

 

সূত্র: আনন্দবাজার

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন