ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া!

১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া!

আন্তর্জাতিক

১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া বৃহস্পতিবার তাদের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে প্রায় ১০টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সীমান্তে প্রোপাগান্ডা বা প্রচারণামূলক লাউডস্পিকার চালুর বিষয়ে পিয়ংইয়ংয়ের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয় এবং এগুলো প্রায় ২৫০ কিলোমিটার পথ পাড়ি দেয়। দক্ষিণ কোরিয়া নজরদারি জোরদার করার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের সাথে এ সংক্রান্ত তথ্য শেয়ার করছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো তাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) ভেতরে পড়েনি বলে ধারণা করা হচ্ছে।

 

এ ঘটনার পর পরিস্থিতি মূল্যায়নে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কার্যালয় জরুরি বৈঠক ডেকেছে এবং একে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ‘মারাত্মক লঙ্ঘন’ বলে উল্লেখ করে বারবার এমন উৎক্ষেপণ বন্ধের আহ্বান জানিয়েছে। সিউলের দংগুক ইউনিভার্সিটির অধ্যাপক কিম ইয়ং-হিউন জানান, এই উৎক্ষেপণকে সীমান্ত উত্তেজনার সাথে যুক্ত করা যেতে পারে, যা মূলত যুক্তরাষ্ট্র, জাপান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শনের একটি কৌশল।

 

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ডিমিলিটারাইজড জোনে (ডিএমজেড) মাইন বিস্ফোরণে তিন দক্ষিণ কোরীয় সেনা আহত হওয়ার পর থেকে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সিউলের দাবি, এই মাইনগুলো উত্তর কোরিয়ার সেনারা পুঁতেছিল, তবে পিয়ংইয়ং এই অভিযোগ অস্বীকার করেছে। গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং ঘোষণা দিয়েছিলেন, কয়েক দিনের মধ্যেই সীমান্তে দক্ষিণ কোরিয়াবিরোধী প্রচারণার জন্য লাউডস্পিকার প্রস্তুত রাখা হবে।

 

পাশাপাশি, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী সীমান্তের কাছাকাছি দৃশ্যমান স্থানে আর্টিলারি মোতায়েন করেছে। তবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর মতে, কৌশলগতভাবে এর কোনো অর্থ নেই, এটি কেবলই শক্তির প্রদর্শনীর উদ্দেশ্যে করা হয়েছে। এর আগে, উত্তর কোরিয়া সবশেষ ১২ অক্টোবর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল এবং চলতি বছর এ নিয়ে ১০ বারের বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি।

 

সূত্র- রয়টার্স

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন