সারা বাংলা
মন্দির থেকে বের হওয়ার সময় বাইকের ধাক্কায় প্রাণ গেল আইনজীবীর

বরিশাল নগরীর সদর রোডে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সজল কুমার চক্রবর্তী (৪০) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীও আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সদর রোডের জগন্নাথ মন্দিরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের সহকর্মী সূত্রে জানা যায়, সকালে জগন্নাথ মন্দির থেকে বের হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে আইনজীবী সজল কুমার চক্রবর্তী এবং মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত তাঁদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক সজল কুমার চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই আইনজীবীর মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/এমএনকে