বাংলাদেশ, সারা বাংলা
লক্ষ্মীপুৃরে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের সুপারিবাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের একদিন পর তোফায়েল আহমেদ (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাখালিয়া গ্রামের মিন্নাত উল্লাহ ব্যাপারী বাড়ির পাশের একটি সুপারিবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তোফায়েল আহমেদ রাখালিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন তার স্বজন ও স্থানীয়রা।
নিহতের ছেলে রাসেল আহমেদ জানান, বুধবার বিকেল থেকে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে সুপারিবাগানে গিয়ে একটি আমগাছে তার বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
নিহতের ফুফাতো বোন মারুফা খাতুন জানান, গত দুই বছর ধরে তোফায়েল আহমেদ অসুস্থ ছিলেন। পরিবারের সদস্যরা তাকে বিছানায় খাবার দিতেন। শৌচাগারে যাওয়া ও মাঝেমধ্যে বাইরে বের হওয়া ছাড়া তিনি তেমন কোনো কাজ করতেন না। এমনকি কারও সঙ্গে কথাবার্তাও বলতেন না।
স্থানীয়দের ভাষ্য, তোফায়েল আহমেদ মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। তবে এ ঘটনায় তদন্ত চলছে।
ডিবিসি/এসভিএন