ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সাবেক ডিসি ও প্রধান শিক্ষকদের সই স্ক্যান করে জালিয়াতি: চুয়াডাঙ্গায় স্কুল কর্মচারী গ্রেপ্তার

সাবেক ডিসি ও প্রধান শিক্ষকদের সই স্ক্যান করে জালিয়াতি: চুয়াডাঙ্গায় স্কুল কর্মচারী গ্রেপ্তার

সারা বাংলা

সাবেক ডিসি ও প্রধান শিক্ষকদের সই স্ক্যান করে জালিয়াতি: চুয়াডাঙ্গায় স্কুল কর্মচারী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৯শে অক্টোবর ২০২৬ ০৫:১২:৪৮ অপরাহ্ন

সাবেক জেলা প্রশাসক ও চার সাবেক প্রধান শিক্ষকের স্বাক্ষর স্ক্যান করে অবৈধ শিক্ষার্থী ভর্তি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী শাহাজামাল শেখকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে বুধবার রাতে শাহাজামালকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

গ্রেপ্তারকৃত শাহাজামাল চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের আজিজুল হকের ছেলে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ অক্টোবর) চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি শাহাজামাল শেখের অফিস ও ডরমেটরি কক্ষে তল্লাশি চালিয়ে ব্যবহৃত কম্পিউটারে সংরক্ষিত ফাইল পরীক্ষা করেন।

 

এ সময় কম্পিউটারে চুয়াডাঙ্গার সাবেক জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার স্ক্যান করা স্বাক্ষর পাওয়া যায়। এছাড়া বিদ্যালয়টির সাবেক চার প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকার, দিল আরা চৌধুরী, মাহফুজুল হোসেন এবং মুহা. শাহজাহান আলীর স্বাক্ষরও স্ক্যান করা অবস্থায় উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাজামাল স্বীকার করেছেন, এসব কর্মকর্তার স্ক্যান করা স্বাক্ষর ব্যবহার করে আর্থিক সুবিধার বিনিময়ে তিনি অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি, শিফট পরিবর্তন এবং চতুর্থ শ্রেণির মাস্টাররোলে নিয়োগপত্র তৈরি করে আসছিলেন।

 

তল্লাশিকালে তার কক্ষ থেকে ১০০ টাকা মূল্যের ৪টি নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়। স্ট্যাম্প পর্যালোচনায় দেখা যায়, বিদ্যালয় ছেড়ে যাওয়া দুই শিক্ষার্থীর শূন্য আসনে নোটারি পাবলিকের এফিডেভিট ও আর্থিক লেনদেনের মাধ্যমে নতুন দুই শিক্ষার্থীকে অননুমোদিতভাবে ভর্তি করানো হয়েছিল।


এছাড়া ২০২৬ শিক্ষাবর্ষে কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থের বিনিময়ে তৃতীয় শ্রেণির প্রভাতি শিফটে ১৭ জন এবং পঞ্চম শ্রেণিতে ১ জনসহ মোট ১৮ জন শিক্ষার্থীকে অবৈধভাবে ভর্তি করানোর তথ্য এজাহারে উল্লেখ করা হয়েছে। এমনকি অনুসন্ধানে শাহাজামালের নিজস্ব নিয়োগ ও যোগদানপত্রেও সাবেক প্রধান শিক্ষকের সই ও সিলের অসঙ্গতি ধরা পড়ে।

 

এর আগে গত ২৬ অক্টোবর বিদ্যালয়টির এসএসসি টেস্ট পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্ন দুই দফা ফাঁসের ঘটনা ঘটে। ওই ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকীকে প্রধান করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়ে তদন্ত কমিটি গঠন করেছিল জেলা প্রশাসন।

 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রধান শিক্ষকের লিখিত এজাহারের ভিত্তিতে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় একটি প্রতারণা ও জালিয়াতির মামলা (মামলা নং-১৬) দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. সাখায়েতুল ইসলাম বিষয়টি তদন্ত করছেন এবং জড়িত অন্যদের শনাক্তে আইনি পদক্ষেপ চলছে।

আরও পড়ুন