সারা বাংলা
বরিশালে গাছ কাটার সময় নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

বরিশালের গৌরনদীতে গাছের চাপায় আব্দুস সালাম তালুকদার (৪৫) নামের এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত সালাম পার্শ্ববর্তী নলচিড়া ইউনিয়নের কলবাড়িয়া গ্রামের মৃত হাচেন তালুকদারের ছেলে।
বাটাজোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আকবর প্যাদা জানিয়েছেন, সকাল সাড়ে দশটার দিকে বাসুদেবপাড়া গ্রামের মহোর উদ্দিন হাওলাদারের বাড়িতে গাছ ক্রেতা স্বপনের ক্রয়কৃত একটি আমগাছ কাটছিলেন শ্রমিক আব্দুস সালাম। কাটা গাছ হেলে পড়ার সময় অসাবধানতাবশত গাছের নিচে চাপা পড়েন সালাম। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
গৌরনদী মডেল থানার এসআই মিটুল কুমার জানিয়েছেন, খবর পেয়ে মৃতের বাড়িতে গিয়ে মরদেহের সুরতহাল করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন