আন্তর্জাতিক, ভারত
ভারতের ঘটনা
পুলিশের পোশাক পরে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে নারী কনস্টেবল বরখাস্ত

ভারতের পুনেতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং জননিরাপত্তা বিপন্ন করার অভিযোগে এক নারী পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশের পোশাক পরা অবস্থায় মদ্যপান ও দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
বরখাস্ত হওয়া ওই কনস্টেবলের নাম অশ্বিনী ফুলচাঁদ কেকান। বরখাস্তের আদেশ অনুযায়ী, গত ২৬ থেকে ২৭ অক্টোবরের মধ্যে পুনের মাঞ্জরি এলাকায় এ ঘটনা ঘটে।
আদেশে বলা হয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারান কেকান। পরে তার চিকিৎসা পরীক্ষায় মদ্যপানের বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাঞ্জরি থানায় একটি মামলা করা হয়েছে।
পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বরখাস্ত থাকাকালে কেকান কোনো ধরনের ব্যক্তিগত চাকরি বা ব্যবসায় যুক্ত হতে পারবেন না। এ ছাড়া কর্তৃপক্ষের আগাম অনুমতি ছাড়া তিনি সদর দপ্তর ত্যাগ করতে পারবেন না।
এর আগে আরটিআই কর্মী বিজয় কুম্ভার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন। একই সঙ্গে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ভিডিওতে কেকানকে গাড়ির চালকের আসনে বসে উপস্থিত লোকজনের সঙ্গে তর্ক করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসএফএল