ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পটিয়ায় গরু জবাই করে মাংস নিয়ে পালানোর সময় সিএনজিচালক আটক

পটিয়ায় গরু জবাই করে মাংস নিয়ে পালানোর সময় সিএনজিচালক আটক

সারা বাংলা

পটিয়ায় গরু জবাই করে মাংস নিয়ে পালানোর সময় সিএনজিচালক আটক

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

চট্টগ্রামের পটিয়ায় গরু চুরি করে জবাইয়ের পর মাংস নিয়ে পালানোর প্রস্তুতিকালে আবদুর রহিম (৪৫) নামের এক সিএনজি অটোরিকশাচালককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার কচুয়াই ইউনিয়নের দক্ষিণ শ্রীমাই পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা অরও দুই ব্যক্তি পালিয়ে যান।

আটক আবদুর রহিম বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবদুস সালামের ছেলে। ঘটনাস্থল থেকে জবাই করা গরুর মাংস ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চুরি হওয়া গরুটির আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা বলে জানিয়েছেন মালিক আইয়ুব মিয়া।

 

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাতে দুই ব্যক্তিকে নিয়ে দক্ষিণ শ্রীমাই এলাকায় যান আবদুর রহিম। সেখানে ওই দুই ব্যক্তিকে নামিয়ে দিয়ে তিনি চলে যান। পরে তারা এলাকার সৈয়দ ফজল চৌধুরীর বাড়ির আইয়ুব মিয়ার একটি গরু চুরি করে পাহাড়ে নিয়ে যান। বৃহস্পতিবার ভোরে গরুটি জবাই করে মাংস বস্তাবন্দী করেন তারা। পরে সেই মাংস নিয়ে পালানোর প্রস্তুতি নেন।

 

এ সময় জমিতে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশাটি দেখতে পান স্থানীয় কৃষক রফিক। তার সন্দেহ হলে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অটোরিকশাচালক আবদুর রহিমকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।

 

স্থানীয়দের ভাষ্য, আটকের পর আবদুর রহিম গরু চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গরুর মালিককে শনাক্ত করা হয়।

 

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত আলী বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে আবদুর রহিমকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি গরু চুরি ও জবাইয়ের বিষয়টি স্বীকার করেন বলে দাবি করেন তিনি। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

গরুর মালিক আইয়ুব মিয়া বলেন, অন্য একজনের কাছ থেকে বর্গা নিয়ে গরুটি লালন-পালন করছিলেন তিনি। গরুটির বর্তমান বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।

 

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দীন বলেন, পাহাড়কেন্দ্রিক এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। এসব অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন